দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের চলচ্চিত্র ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে উপজীব্য করে নির্মিত এ ছবিটি ঘিরে ইতোমধ্যে শোবিজ অঙ্গনেও তৈরি হয়েছে আলোচনার ঝড়।
সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রটি দেখে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সোমবার দেওয়া দীর্ঘ প্রতিক্রিয়ায় তিনি বলেন, সব গান বা চলচ্চিত্র সবার জন্য নয় ‘বনলতা সেন’-ও তেমনই একটি কাজ, যা নির্দিষ্ট দর্শকের কাছে ভিন্নভাবে ধরা দেবে, তবে সময়ের সঙ্গে এটি ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে।
তিনি জানান, দুই দিন আগে ছবিটি দেখেছেন তিনি। নামভূমিকায় অভিনয় করা নাবিলা প্রসঙ্গে স্পর্শিয়ার মন্তব্য, কল্পনার বনলতা সেন চরিত্রে তাকে যথাযথ মনে হয়েছে। একইসঙ্গে তিনি নাবিলাকে ‘ক্লাসিক বিউটি’ বলেও উল্লেখ করেন।
অভিনেতা সোহেল মণ্ডলকেও প্রশংসায় ভাসান স্পর্শিয়া। জীবনানন্দ দাশের কবিতার পঙক্তি উদ্ধৃত করে তিনি লেখেন, তার অভিনয় বিশেষ করে শেষ দৃশ্যগুলোতে দর্শকের ভেতরের কৈশোরকে ছুঁয়ে যায়।
ছবির নির্মাতা ও সংশ্লিষ্ট সকল শিল্পী-কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, তিনি সমালোচক হিসেবে নয়, একজন দর্শক হিসেবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
সবশেষে জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা খায়রুল বাসারকে নিয়েও প্রশংসা করেন তিনি। স্পর্শিয়ার ভাষায়, জীবনানন্দকে ধারণ করে উপস্থাপনের মতো অভিনয় তিনি করেছেন, এবং ভবিষ্যতে তাকে আরও বড় পরিসরে ব্যবহার করা উচিত।
উল্লেখ, ‘বনলতা সেন’ বর্তমানে দেশের চারটি মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
জে আই